ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নির্মূলে কোনো আপস করা হবে না। জনগণের জানমাল রক্ষায় আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করার উপর জোর দিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ার কারণে লেগুনা চালক নুরে আলম খাইরুলকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংসদ সদস্য কামাল হোসেন বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি ঢাকা-৫ সংসদীয় এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
কামাল হোসেন উল্লেখ করেন যে, ঢাকা-৫ সংসদীয় এলাকায় শুধু ভোটার নয়, অন্য এলাকার অনেক মানুষও বসবাস করেন। তিনি স্পষ্ট করেন যে, কে তাকে ভোট দিয়েছে বা কে দেয়নি, কে এই এলাকার ভোটার আর কে নয়, তা কোনো বিবেচ্য বিষয় নয়। এখানে বসবাসকারী প্রত্যেক নাগরিকের সুরক্ষা দেওয়া, তাদের আইনি সহায়তা প্রদান করা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা একজন জনপ্রতিনিধি হিসেবে তার দায়িত্ব। তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর তিনি কোনো নির্দিষ্ট দলের নন, বরং ঢাকা-৫ সংসদীয় এলাকার প্রতিটি মানুষের প্রতিনিধি।
তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেখান থেকে এক বিন্দুও নড়ব না। আমার জীবনের ওপর যদি হুমকি আসে, আমি পরোয়া করি না। আমার জীবনের নিরাপত্তা দেবেন একমাত্র আল্লাহ সুবহানুতায়ালা।” তিনি তার অতীত জীবনের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “আমি সাড়ে পনের বছরে ৯ বার গ্রেপ্তার হয়েছি, কতবার রিমান্ডে এসেছি আমার মনে নেই, আমি প্রায় তিন বছর জেল খেটেছি।”
সংসদ সদস্য কামাল হোসেন আরও বলেন, তার নামে, তার দলের নামে বা অন্য কোনো দলের নামে কেউ কোনো অপরাধ করলে তার কোনো ছাড় নেই। তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন যেন কোনো অপরাধীর ক্ষেত্রে দলের পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, “আইন তার নিজস্ব গতিতে চলবে, সবার জন্য আইন সমান। ব্যক্তি বা দলের পরিচয় নয়, অপরাধ করলে আইনের আওতায় আসতেই হবে।”
ওয়ারী জোনের ডিসি অফিসে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি, এডিসি মোঃ মাসুদ রানা, যাত্রাবাড়ী থানা ওসি মোঃ রাজু, ডেমরা থানা ওসি তাইফুর রহমান মির্জা, কদমতলী থানা ওসি মোঃ আশরাফ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 























