দেশ থেকে দুর্নীতি, অপশাসন ও জুলুমের অবসান ঘটাতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পবিত্র কুরআনের আদর্শ প্রতিষ্ঠা করা অপরিহার্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান এই মন্তব্য করে বলেছেন, কুরআনভিত্তিক সমাজব্যবস্থা কায়েম না হলে মানুষ তার কাঙ্ক্ষিত নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র পাবে না। সোমবার বিকেলে নগরীর হোটেল সৈকতে নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা শাহজাহান বলেন, রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস হওয়ায় অন্য সব মাস থেকে ভিন্ন ও মর্যাদাপূর্ণ। এ মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং কুরআনের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাস। তিনি স্মরণ করিয়ে দেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরতের মাধ্যমে কুরআনের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছিলেন, যার ফলশ্রুতিতে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছিল।
তিনি আরও বলেন, আজও যদি আমরা কুরআনের আলোকে দেশ গড়তে পারি, তবে দুর্নীতি, ঘুষ, অনিয়ম ও অন্যায় স্বাভাবিকভাবেই বিলুপ্ত হবে। এই জনপদে ঘুষ-দুর্নীতি ও জুলুম বন্ধ না হওয়ার মূল কারণ হলো কুরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না থাকা। কুরআনের শাসনব্যবস্থা কায়েম হলে শোষণমুক্ত, জনবান্ধব ও নাগরিক অধিকারসম্মত রাষ্ট্র গঠন সম্ভব। নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে নৈতিকতা, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য।
রমজান মাসকে ‘কুরআন বিজয়ের মাস’ হিসেবে অভিহিত করে জামায়াত নেতা বলেন, বদরের প্রান্তরে এই মাসেই সত্যের বিজয় হয়েছিল। অতএব রমজানের শিক্ষা হলো—নিজেকে কুরআনের অনুসারী হিসেবে গড়ে তোলা এবং সমাজে কুরআনের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হওয়া। তিনি আহ্বান জানান, ব্যক্তিগত জীবন, পরিবার এবং রাষ্ট্র পরিচালনায় কুরআনকে বিজয়ী করতে হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিল সঞ্চালনা করেন ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
রিপোর্টারের নাম 























