কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের জনগণের সেবক হয়ে সেবা দিতে হবে। সোমবার সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় এমপি ড. আতিক মুজাহিদ তার বক্তব্যে আরও বলেন, “আমি কোনো দলের সংসদ সদস্য নই, আমি জনগণের সংসদ সদস্য। ফুলবাড়ী, রাজারহাটসহ সমগ্র কুড়িগ্রাম জেলার সমস্যা ও সম্ভাবনার কথা জাতীয় সংসদে তুলে ধরতে চাই।” পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল স্বপ্ন ও কাজ বলেও তিনি জানান।
তিনি বলেন, ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনা করে কাজ করতে ইচ্ছুক। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং যেকোনো বিষয়ে তার সাথে আলোচনার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম, উপজেলা সহকারী ভূমি কমিশনার আনোয়ার হোসাইন। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, মৎস্য, বিদ্যুৎ, তথ্য, যুব উন্নয়নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, ফুলবাড়ী উপজেলার প্রধান সমন্বয়ক নাজমুল ফেরদৌস লাভলু, জামায়াতের উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রিপোর্টারের নাম 























