চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫ আসন) সোমবার সকালে একটি পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিয়েছেন। আমিরাবাদ বটতলী মোটর স্টেশনে নিজ হাতে আবর্জনা পরিষ্কার করে তিনি জনসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত এই কার্যক্রমে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সোমবার সকাল ১০টার দিকে লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। সংসদ সদস্য শাহজাহান চৌধুরী নিজেই হাতে ঝাড়ু ও বেলচা তুলে নিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। তার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং জনসেবার প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন ঘটায়। এ সময় তার সাথে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণ একযোগে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
স্থানীয়রা নবনির্বাচিত সংসদ সদস্যকে এভাবে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তারা জানান, একজন জনপ্রতিনিধিকে এভাবে মাটি ও মানুষের সাথে মিশে কাজ করতে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
পরে এক সমাবেশে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, দেশের সিটি করপোরেশন, পৌরসভা, শহর, বাণিজ্যিক কেন্দ্র এবং জনবহুল এলাকাগুলো অপরিচ্ছন্ন থাকার কারণে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় আমিরে জামায়াতের নির্দেশনায় এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, সচেতন মহল এবং জামায়াতের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আজ থেকে বটতলী শহরে এই অভিযান শুরু হলো। বটতলী শহরের আনাচে-কানাচে পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় তিনি লোহাগাড়াকে আগামী দুই মাসের মধ্যে পৌরসভায় রূপান্তরের প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেন। পাশাপাশি, মাটিখেকো, অবৈধভাবে বালু উত্তোলনকারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সাধারণ মানুষকে এসব অপকর্মের তথ্য সরাসরি তাকে জানানোর অনুরোধ করেন।
রিপোর্টারের নাম 























