আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। এরই মধ্যে দলটির সম্ভাব্য মেয়র প্রার্থীরাও চিহ্নিত হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলের সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সদ্য অপসারিত অ্যাডভোকেট তাজুল ইসলামকে মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করছে এবি পার্টি।
এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে মেয়র প্রার্থী করার বিষয়ে দলটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে অ্যাডভোকেট তাজুল ইসলামকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নের কথা ভাবা হচ্ছে। তবে এই সিদ্ধান্তটি তার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে অপসারণের ওপর নির্ভরশীল ছিল।
উল্লেখ্য, সোমবার সকালে অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হয়েছে। এই পদে যোগদানের আগে তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় তিনি দল থেকে পদত্যাগ করে চিফ প্রসিকিউটরের দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন। তার অপসারণের ফলে এখন এবি পার্টির জন্য তাকে ঢাকা উত্তরে প্রার্থী হিসেবে বিবেচনা করার পথ উন্মুক্ত হলো।
রিপোর্টারের নাম 

























