আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকার দুই সিটি করপোরেশনে (ডিএনসিসি ও ডিএসসিসি) নিজেদের সম্ভাব্য মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির একাধিক নেতার সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিতও দিয়েছে দলটি।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য দলের প্রাথমিক পছন্দ হিসেবে বিবেচিত হয়েছেন। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে তিনি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট পেয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন। দলের নগর ও পরিবেশ বিষয়ক বিভিন্ন সভা-সেমিনারে তিনি নিয়মিত প্রতিনিধিত্ব করে থাকেন। গত চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে পরিচিত আসিফ মাহমুদ অভ্যুত্থান-পরবর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংসদ নির্বাচনের প্রাক্কালে তিনি উপদেষ্টার পদ ত্যাগ করেন এবং বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে নির্বাচনকালীন দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন ধারণা থেকেই এনসিপি তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। এই নির্বাচনেও তারা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নিতে আগ্রহী। সেই লক্ষ্যেই মেয়র প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা জানান, মেয়র প্রার্থীর পর এবার কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে এবং পরবর্তীতে সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে একটি সমঝোতা বৈঠকে বসবে এনসিপি।
রিপোর্টারের নাম 

























