বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মুহাম্মাদ মামুনুল হকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এবং হত্যা প্রচেষ্টা মামলার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের বিপুল জনসমর্থন থেকে দৃষ্টি সরাতেই একটি বিশেষ মহল এই সুদূরপ্রসারী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, ঢাকা-১৩ আসনের সাম্প্রতিক নির্বাচনী ফলাফল ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ববি হাজ্জাজের বক্তব্য কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। নির্বাচনের দিন রিকশা প্রতীকের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছিল, তা আড়াল করতেই এখন মিথ্যা মামলা ও অপপ্রচারের আশ্রয় নেওয়া হচ্ছে।
মাওলানা জালালুদ্দীন আহমদ অভিযোগ করেন, ঢাকা-১৩ আসনে আল্লামা মামুনুল হকের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে ব্যাপক কারচুপি করা হয়েছে। একাধিক টেলিভিশন চ্যানেলে প্রায় ২০ মিনিট ধরে মামুনুল হককে বিজয়ী ঘোষণা করার পর রহস্যজনকভাবে ফলাফল পরিবর্তন করা হয়। রেজাল্ট শিটে টেম্পারিং, ওভাররাইটিং এবং বৈধ ভোটকে অবৈধ ঘোষণা করে ‘ফলাফল ডাকাতি’ করা হয়েছে বলে তিনি দাবি করেন। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ ও স্থগিতের আবেদন জানানো হলেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা নিয়ে জনমনে গভীর ক্ষোভ তৈরি হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যেভাবে আল্লামা মামুনুল হককে দমন করতে মিথ্যা মামলা ও হয়রানির কৌশল নেওয়া হয়েছিল, বর্তমানেও একই ধরনের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনা পরিবারের সঙ্গে ববি হাজ্জাজের ঘনিষ্ঠতার বিষয়টি উল্লেখ করে খেলাফত মজলিস জানায়, অতীতের প্রভাব খাটিয়ে এখনো অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে।
স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আদাবর এলাকার ব্যবসায়ীরা বর্তমানে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আন্দোলন করছেন। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ববি হাজ্জাজ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো জনদৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছেন।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কোটি মানুষের প্রিয় নেতা আল্লামা মামুনুল হকের অগ্রযাত্রা কোনো মিথ্যা মামলা বা হুমকি দিয়ে ঠেকানো যাবে না। নির্বাচন কমিশনকে অবিলম্বে ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সরকারকে সতর্ক করে বলা হয়েছে, নির্বাচনী ফলাফল জালিয়াতি এবং অব্যাহত মিথ্যাচার বন্ধ না হলে তা বর্তমান প্রশাসনের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
রিপোর্টারের নাম 

























