ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি একুশের অবিনাশী চেতনাকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দিবসের কর্মসূচি শুরু হয় ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে। রোমের আইজাক রবিন পার্কে স্থাপিত স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরদিন সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সেখানে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশি শিক্ষার্থী এবং ইতালীয় নাগরিকেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া ইউনেস্কোর সাধারণ অধিবেশনের সভাপতির ভিডিও বার্তা এবং মহাসচিবের বিশেষ বাণীও পাঠ করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত রকিবুল হক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অমর একুশের ঐতিহাসিক ভূমিকার কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে প্রতিফলিত সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে।
এ বছরের প্রতিপাদ্য ‘বহুভাষিক শিক্ষায় যুবদের কণ্ঠস্বর’ (Youth Voice on Multilingual Education) উল্লেখ করে রাষ্ট্রদূত প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শেকড়ের টানে মাতৃভাষা চর্চার পাশাপাশি অন্যান্য ভাষা শিখতেও উৎসাহিত করেন। তিনি সবাইকে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ অমর একুশের চেতনাকে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রধান প্রেরণা হিসেবে অভিহিত করেন এবং সরকারের নতুন কর্মপরিকল্পনাকে স্বাগত জানিয়ে একাত্মতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রিপোর্টারের নাম 























