আসন্ন সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জোর দিয়ে বলেছেন, গণভোট নিতে কোনো বাধা নেই এবং এর মাধ্যমে জনগণের মতই চূড়ান্ত হবে।
আজ রোববার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
জনগণের রায়ই চূড়ান্ত
সালাহউদ্দিন আহমদ বলেন, “সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই এবং সনদে কী থাকবে, তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে। এই জনমতই চূড়ান্ত হবে এবং আগামী সংসদ গণভোটের ফলাফল মেনে চলবে।”
তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার ‘ফাইনাল স্টেজে’ তারা পৌঁছেছেন এবং অংশগ্রহণকারীরা মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্তে একমত হয়েছেন।
অধ্যাদেশ জারির প্রস্তাব
বিএনপির এই নেতা উল্লেখ করেন, এই প্রক্রিয়ার অংশ হিসেবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নামে একটি অধ্যাদেশ জারি করা যেতে পারে।
সালাহউদ্দিন আহমদ জানান, যে বিষয়গুলো নিয়ে মতপার্থক্য বা ‘নোট অব ডিসেন্ট’ থাকবে, সেগুলো সংশ্লিষ্ট দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।
তিনি আরও নিশ্চিত করেন যে, বিএনপি সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় বিচার বিভাগের পরামর্শ নেওয়ার যে দাবি জানিয়েছিল, তা থেকে তারা সরে এসেছে। এখন তারা জুলাই জাতীয় সনদ নামে অধ্যাদেশ জারির পর গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন।
রিপোর্টারের নাম 
























