গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (১৫ জুলাই) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও জেলেদের সুরক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ উদ্ধারকাজ চালানো হয়।
উদ্ধার হওয়া জেলেদের ভাষ্যমতে, গত ৮ জুলাই ‘এফবি মা-২’ নামের ট্রলারটি ১৯ জন জেলে নিয়ে হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি জমায়। যাত্রার কয়েকদিন পর ১৩ জুলাই হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে সেটি নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। দীর্ঘ দুই দিন সমুদ্রে আটকে থাকার পর বুধবার সকালে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করেন।
সংবাদ পাওয়ার পরপরই কোস্টগার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিম দিক থেকে ট্রলারটিসহ জেলেদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে এবং ট্রলারটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 





















