নরসিংদী-৩ (শিবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনজুর এলাহী তার নির্বাচনী এলাকাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তাদের কর্মস্থলে অনুপস্থিতি এবং সরকারি প্রকল্পে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি শিবপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি গর্বিত ও কৃতজ্ঞ। এখন তার প্রথম এবং প্রধান দায়িত্ব হবে এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান হবে ‘জিরো টলারেন্স’ নীতিতে।
উপজেলা পরিষদের কর্মকর্তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে সংসদ সদস্য বলেন, নরসিংদী জেলা ঢাকার নিকটবর্তী হওয়ায় অনেক কর্মকর্তাই কর্মস্থলে নিয়মিত অনুপস্থিত থাকেন। অনেকে সপ্তাহে দু-তিন দিনের বেশি অফিস করেন না, যা এলাকার উন্নয়ন ও জনসেবায় বাধা সৃষ্টি করছে। এখন থেকে এই প্রবণতা পরিহার করতে হবে। তিনি ঘোষণা দেন, এ উপজেলায় কর্মকর্তাদের কাজের মূল্যায়নে ‘তিরস্কার ও পুরস্কার’ উভয়ই থাকবে। যারা ভালো কাজ করবেন, তারা পুরস্কৃত হবেন; আর যারা অবহেলা ও দুর্নীতির আশ্রয় নেবেন, তাদের তিরস্কার করা হবে। এছাড়া, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং জনগণের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মুহ. আবদুর রহিম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন এবং সমাজসেবা কর্মকর্তা আবু রায়হানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ। সভায় উপস্থিত উপজেলা পরিষদের কর্মকর্তাগণ নবনির্বাচিত সংসদ সদস্যকে স্বাগত জানান এবং তার নেতৃত্বে এলাকায় ইতিবাচক পরিবর্তন ও একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 






















