পবিত্র রমজান উপলক্ষে স্বল্পমূল্যের টিসিবি পণ্য কিনতে এসে প্রতারণার শিকার হচ্ছেন কুমিল্লার নিম্ন আয়ের মানুষ। প্রতি কেজি পণ্যে ১০০ গ্রাম পর্যন্ত কম দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে একটি ডিলার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে নগরীর রেসকোর্স এলাকায় টিসিবির পণ্য বিতরণকালে ওজনে কারচুপির এই চিত্র ধরা পড়ে। ফারুক স্টোর নামের একটি ডিলার প্রতিষ্ঠানের ট্রাকে ডিজিটাল স্কেলে মেপে পণ্য দেওয়া হলেও প্রতিটি প্যাকেজে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি কেজিতে ১০০ গ্রাম, দুই কেজিতে ২০০ গ্রাম এবং আধা কেজির প্যাকেটে ৫০ গ্রাম করে পণ্য কম দেওয়া হচ্ছিল।
জানা গেছে, রমজান উপলক্ষে টিসিবি চিনি, মশুর ডাল, ছোলা, সয়াবিন তেল ও খেজুরসহ মোট পাঁচটি পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করছে। একজন ক্রেতা এখান থেকে গড়ে ৬ কেজির বেশি পণ্য সংগ্রহ করেন। প্রতি কেজিতে ১০০ গ্রাম কম দিয়ে ডিলাররা গ্রাহকপ্রতি প্রায় ৬০০ গ্রাম পণ্য হাতিয়ে নিচ্ছেন। সংশ্লিষ্টদের হিসাব মতে, এভাবে প্রতিটি ট্রাক থেকে প্রায় ২৪ হাজার টাকা এবং পুরো নগরীর ৫টি ট্রাক থেকে প্রতিদিন লক্ষাধিক টাকার পণ্য কৌশলে সরিয়ে ফেলা হচ্ছে।
পণ্য নিতে আসা রোকসানা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “রোদে পুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সস্তায় পণ্য নিতে আসি। অথচ এখানেও আমাদের ঠকানো হচ্ছে। ডিজিটাল মিটারে মেপেও তারা ওজনে কম দিচ্ছে।” স্থানীয় ব্যবসায়ী হানিফ মিয়া জানান, সন্দেহ হওয়ায় বেশ কয়েকজন ক্রেতার পণ্য পুনরায় মেপে দেখা যায় যে, প্রতিটি পণ্যেই ওজনে ঘাটতি রয়েছে। এছাড়া ডিলারদের বিরুদ্ধে স্বজনপ্রীতিরও অভিযোগ তুলেছেন অনেক সাধারণ ক্রেতা।
অনিয়মের খবর পেয়ে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। ওজনে কারচুপির সত্যতা মেলায় ফারুক স্টোরের স্বত্বাধিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার মিয়া বলেন, “ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে আমরা হাতেনাতে জালিয়াতি ধরেছি। প্রতিটি পণ্যে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ডিলারকে জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে।”
এ বিষয়ে টিসিবির ডিলার পারভিন আক্তার দাবি করেন, অনিচ্ছাকৃতভাবে মাপে ভুল হতে পারে। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে তিনি জানান।
কুমিল্লা টিসিবির উপপরিচালক মামুনুর রশীদ গাজী জানান, প্রতিদিন ৫টি ট্রাকের মাধ্যমে নগরীর দুই হাজার পরিবারকে এই সেবা দেওয়া হচ্ছে। অনুমোদিত ডিলারদের মাধ্যমে পণ্য সরবরাহ করা হয়। যদি কোনো ডিলারের বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়, তবে তদন্ত সাপেক্ষে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 





















