ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ দেড় বছর কারাভোগের পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এদিন ঠাকুরগাঁওয়ের একটি আদালত তার জামিন মঞ্জুর করলে কারামুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।
দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার সাবেক এই সংসদ সদস্যের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল। একই মামলায় তার ছেলে ও ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকেও গ্রেপ্তার করা হয়। তবে দবিরুল ইসলাম মুক্তি পেলেও তার ছেলে সুজন এখনো দিনাজপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন।
দবিরুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় কারাগারে থাকায় তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের অভিযোগ, কারাগারে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ কারণে মুক্তি পাওয়ার পরপরই উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 





















