পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন দেশবাসীকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উত্তর গেটেই এসে শেষ হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন শোভাযাত্রাটির নেতৃত্ব দেন।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মুহা. জাকির হোসেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাহবুব আলম, উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানসহ বিপুল সংখ্যক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
শোভাযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ধর্মসচিব মো. কামাল উদ্দিন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার এই মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি দেশবাসীকে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে মাসব্যাপী ইবাদত-বন্দেগিতে মশগুল থাকার আহ্বান জানান।
রাজধানীর পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোও মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুরূপ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।
রিপোর্টারের নাম 



















