বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত এই জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অভিযানে ২৫৩টি চায়না দুয়ারি জাল, ৬৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬৭টি বোডা জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উজিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর রিপন শিকদারসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসেন মজুমদার জানান, নিষিদ্ধ জালের ব্যবহার মাছের প্রজনন প্রক্রিয়া এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 



















