প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন কেবল সরকারের একক উদ্যোগে সম্ভব নয়; এর জন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রতি জনগণের আস্থা বাড়াতে প্রতিটি বিদ্যালয়ে ‘প্যারেন্ট সার্কেল’ এবং ‘বন্ধু রেজিস্টার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন।
সোমবার সুনামগঞ্জ পিটিআইয়ে স্কুল ফিডিং প্রকল্পের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথা বলেন। তিনি জানান, প্রতিটি শ্রেণির শিক্ষককে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি ‘প্যারেন্ট সার্কেল’ গঠন করতে হবে, যার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি, উপস্থিতি ও শৃঙ্খলা নিয়ে নিয়মিত যোগাযোগ রাখা যাবে। পাশাপাশি প্রধান শিক্ষকদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি কর্মকর্তা, মসজিদ ও বাজার কমিটির প্রতিনিধি এবং দানশীল ব্যক্তিদের নিয়ে ‘বন্ধু রেজিস্টার’ তৈরির নির্দেশ দেন তিনি। এই রেজিস্টার বিদ্যালয়ের উন্নয়ন, নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে পারলে বিদ্যালয়গুলো সবচেয়ে সফল হবে এবং কমিউনিটি পাশে থাকলে সম্পদ দখল, নিম্নমানের খাদ্য সরবরাহ বা অপপ্রচার প্রতিহত করা সহজ হবে। তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিটি শিশুর জন্য আধুনিক ও মূল্যবোধভিত্তিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ করছে।
রিপোর্টারের নাম 























