স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস কর্তৃক প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার বাজারমূল্য ছিল ২ লাখ ৫৮ হাজার টাকা। সংশোধিত মূল্য অনুযায়ী, এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭১ হাজার ১১১ টাকায় বিক্রি হবে।
সোনার দামের এই পরিবর্তন হলেও রুপার বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে। পূর্বের নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৯০৭ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী হওয়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। বিশ্ববাজারের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৯৩৫ ডলারে নেমে এসেছে, যা আগের দিন ছিল ৪ হাজার ৯৫৮ ডলার। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিশ্ববাজারে সোনার দাম ৫ হাজার ৫৫০ ডলারে উঠে যাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও সোনার দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছিল। ওইদিন এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বৃদ্ধি পাওয়ায় ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। এরপর থেকে দফায় দফায় দাম কমিয়ে বাজার পরিস্থিতি সমন্বয়ের চেষ্টা করছে বাজুস।
রিপোর্টারের নাম 




















