অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার ওই পেজ থেকে দেওয়া এক বিশেষ বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত ওই বার্তায় বলা হয়েছে, এখন থেকে এই ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না। একটি ফটোকার্ডের মাধ্যমে জানানো এই ঘোষণায় পেজটির দীর্ঘ পথচলার সমাপ্তি টানা হয়।
বিদায়ী বার্তায় সংশ্লিষ্টরা জানান, গত ১৮ মাস ধরে এই পেজটির সঙ্গে যুক্ত থাকা এবং বিভিন্ন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুসারীদের আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে। জনগণের সমর্থন, সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা এই দীর্ঘ যাত্রাকে আরও অর্থবহ ও সমৃদ্ধ করেছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও গুরুত্বপূর্ণ তথ্য এই পেজটির মাধ্যমে প্রচার করা হচ্ছিল। তবে ১৮ মাসের কার্যক্রম শেষে এখন থেকে পেজটি আর সচল থাকছে না।
রিপোর্টারের নাম 





















