নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের জন্য আজ মঙ্গলবার তিনজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-১, সহকারী একান্ত সচিব (এপিএস)-১ এবং প্রোটোকল অফিসার-১।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-১ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা যতক্ষণ পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন, ততক্ষণ পর্যন্ত এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
একইভাবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ পদে নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী এই নিয়োগ কার্যকর হবে এবং তার মেয়াদের ওপর নির্ভরশীল থাকবে।
এছাড়াও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের অধিক আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করেছে। নবগঠিত এই মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এই সরকার গঠনের মধ্য দিয়ে বিএনপি চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রিপোর্টারের নাম 




















