চলমান গ্যাস সংকটের বিষয়টি বিবেচনা করে আগামী ৩০ জুলাই সিএনজি ফিলিং স্টেশন প্রতীকী বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন। তবে, এর মধ্যে ন্যায্য দাবি-দাওয়া ও সমস্যাগুলোর যৌক্তিক ও ইতিবাচক সমাধান না হলে পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে ২৩ আগস্ট থেকে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী এই ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা আশা করি, জ্বালানি বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং পূর্বের ন্যায় তথাকথিত সুপারিশের আশ্রয় না নিয়ে ইতিবাচক সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ধ্বংসের মুখে নিমজ্জিত এই সেক্টরটিকে টিকিয়ে রাখতে আমরা সরকারের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, আমরা জনদুর্ভোগ বাড়াতে চাই না। মহেশখালীতে সৃষ্ট সমস্যার কারণে দেশজুড়ে ইতোমধ্যে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। কাজেই আমাদের কর্মসূচি নতুন করে সমস্যা বাড়াক, সেটা আমরা চাই না, তাই বর্তমান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সিএনজি স্টেশন মালিকদের এখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। সিএনজি ব্যবসায়ীরা ক্রমাগত লোকসান দিয়ে আর ব্যবসা চালিয়ে রাখতে পারছেন না বলেই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। কিন্তু হঠাৎ করে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালের একাংশে আগুন লেগে সারাদেশে গ্যাস সরবরাহে বিপর্যয় ঘটায় এই মুহূর্তে সরকারকে সহযোগীতার হাত প্রসারিত করে প্রতীকী কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
এতে আরও জানানো হয়, সারাদেশে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করে পাঁচ শতাধিক সিএনজি ফিলিং স্টেশন এবং কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করে প্রায় ১০ লক্ষাধিক যানবাহনে জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করার কারণে ঢাকাসহ সারাদেশের বায়ুদূষণ সহনীয় মাত্রায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। গত ৩ জুন বিদ্যুতের নতুন মূল্যহার নির্ধারণের পর ৬ জুন এবং ২১ জুলাই সাংবাদিক সম্মেলন করে সুনির্দিষ্ট কিছু দাবি জানানো হয়, যা গত এক যুগেরও বেশি সময় ধরে দাবি করে আসা হচ্ছে। গত ২৫ জুলাই পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে অ্যাসোসিয়েশনের নেতারা বৈঠক করেছেন বলেও উল্লেখ করা হয়।
রিপোর্টারের নাম 






















