ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম মন্তব্য করেছেন যে, মানুষ নৌকা, ধান বা লাঙল প্রতীক বুকে নিয়ে ঘুমায় না, কিন্তু হাতপাখা ঠিকই বুকের ওপর রাখে।
তিনি এই কথাগুলো বলেন রবিবার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাটবাজারে আয়োজিত এক গণসমাবেশে। পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈশ্বরগঞ্জ শাখা এই সমাবেশের আয়োজন করে, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ফয়জুল করিম আরও বলেন, যারা নৌকা প্রতীকে ভোট করেন, তারা নৌকা চালানো জানেন না। যারা ধানের শীষ নিয়ে আসেন, তারা ধান কাটতে পারেন না। আবার লাঙল প্রতীকের প্রার্থীরা লাঙল চালাতে জানেন না। কিন্তু দেশের এমন একটি প্রতীক আছে, যা ধনী-গরিব কিংবা হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই ব্যবহার করতে জানে, আর তা হলো হাতপাখা। কারণ, বিদ্যুৎ চলে গেলেও হাতপাখা কখনো ফেল করে না।
তিনি জোর দিয়ে বলেন, হাতপাখার বিজয় আসলে ইসলামের বিজয়, দেশের সব শ্রেণি-পেশার মানুষের বিজয় এবং শান্তির বিজয়। এ কারণে তিনি মন্তব্য করেন, “সব মার্কা দেখা শেষ, এখন সময় হাতপাখার বাংলাদেশ গড়ার।”
আয়োজিত এই গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ।
সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান সাঈদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ এবং ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি হাদিউল ইসলামসহ অন্যান্যরা।
রিপোর্টারের নাম 























