দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপস করিনি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “কখনও আপস করিনি, সামনেও করবো না। বাংলাদেশের জন্য কাজ করেছি। আমাদের সন্তানদের জন্য কাজ করেছি।”
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীকে উদ্দেশে করে বাণিজ্য উপদেষ্টা বলেন, “আপনাদের সম্পর্কে অসম্ভব খারাপ ধারণা নিয়ে এসেছিলাম। আজ আমি গ্র্যাটিচিউড নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি, আপনারা দেশের সম্পদ। সঠিক নেতৃত্ব থাকলে আপনারা কাজ করতে পারেন, সেটাই আপনারা প্রদর্শন করেছেন।”
তিনি বলেন, “২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদেরকে যে পরিবর্তন এনে দিয়েছে সেই পরিবর্তনটা আপনাদের আচরণে আসতে হবে। কেউ অন্যায্য কাজ করাতে চাইলে আপনাদেরকে বলতে হবে, এটা সম্ভব না। অথবা বিনয়ের সঙ্গে বলতে হবে এইভাবে কাজটা হওয়া উচিৎ।”
শেখ বশিরউদ্দীন বলেন, “আমি নিশ্চিত ১৮ তারিখ নতুন নেতৃত্ব আসার দিনটি হবে বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য উদযাপনের। তাকে (মন্ত্রী) যে নেতৃত্ব দেখাতে হবে, সেই কাজে তাকে সহায়তা করবেন। তার সঙ্গে দ্বিমত পোষণ করতে চাইলেও দয়া করে করুন, কিন্তু তাকে বলুন।”
রিপোর্টারের নাম 
























