অর্থনৈতিক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ফেলোশিপ-২০২৬’ অর্জন করেছেন বাংলা ট্রিবিউনের বিজনেস এডিটর গোলাম মওলা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইআরএফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ফেলোদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা সনদ প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এ বছর বিভিন্ন সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও টেলিভিশন চ্যানেলের মোট ১২ জন অর্থনৈতিক সাংবাদিক ফেলোশিপের জন্য নির্বাচিত হন। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— বাণিজ্য ও বিনিয়োগ বিভাগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেসমিন মলি এবং ঢাকা পোস্টের আবদুর রহমান মাসুম। সামষ্টিক অর্থনীতি বিভাগে ডেইলি সানের রফিকুল ইসলাম ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের রেজাউল করিম।
ক্যাপিটাল মার্কেট বিভাগে দ্য ডেইলি স্টারের আহসান হাবিব ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সালাহ উদ্দিন মাহমুদ। ব্যাংক ও বিমা বিভাগে ডেইলি সানের শাখাওয়াত হোসেন সুমন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের মোহাম্মদ জুবায়ের হাসান, ইটিভির মেহেদী হাসান আল বাকার এবং বাংলা ট্রিবিউনের গোলাম মওলা।
রাজস্ব বিভাগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিয়াদ হোসেন ও চ্যানেল-২৪-এর ইমদাদুল হক।
ফেলোশিপ কর্মসূচিতে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম আলোর শওকত হোসেন মাসুম, সমকালের জাকির হোসেন এবং দ্য ডেইলি স্টারের সোহেল পারভেজ। পুরো কার্যক্রম সমন্বয় করেন এমআরডিআই’র সক্ষমতা বৃদ্ধি ব্যবস্থাপক এ কে এম সানাউল হক।
অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে অনুসন্ধানী অর্থনৈতিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তারা সাহসী, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সাংবাদিকতার চর্চা জোরদারের আহ্বান জানান।
ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিকরা জানান, এই স্বীকৃতি তাদের আরও গভীরতর গবেষণাভিত্তিক প্রতিবেদন প্রণয়নে অনুপ্রাণিত করবে। অর্থনৈতিক সাংবাদিকতার মানোন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে ইআরএফ–এমআরডিআই ফেলোশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























