সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের বিপিএটিসির বিপরীত মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে এক যুবককে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা দ্রুত সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ। তবে তার নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মৃত্যু—তা নিশ্চিত হতে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজও করা হচ্ছে।
সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
রিপোর্টারের নাম 






















