চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বিস্ফোরণে দুজন নিহত ও তিন জন আহত হওয়ার ঘটনায় শরিফ উদ্দিন দুলাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়। তাকে বোমা বানানোর মূলহোতা ও মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছে পুলিশ।
পুলিশের দাবি, মামলার এজাহারনামীয় আসামির তালিকায় গ্রেফতার শরিফ উদ্দিনের নাম না থাকলেও তার তত্ত্বাবধানে ভাই কালামের বাড়িতে বোমা বানানো হচ্ছিল। এ সময় বিস্ফোরণে আল আমীন ও জিহাদ আলী নামে দুই তরুণ নিহত হন এবং তিন জন আহত হন। আহতদের মধ্যে শরিফ উদ্দিনের এক ভাতিজা ও এক চাচাতো ভাই আছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘তালিকায় নাম না থাকলেও তদন্তে আমরা শরিফ উদ্দিন দুলালকে মূল পরিকল্পনাকারী ও পরামর্শদাতা হিসেবে পেয়েছি। সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। পরে রিমান্ডের আবেদন জানানো হবে। এ ঘটনায় পুলিশের করা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।’
রিপোর্টারের নাম 
























