ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দল পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না উপজেলা আওয়ামী লীগের এক নেতার। আব্দুল মান্নান মাতুব্বর নামের ওই নেতাকে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে যৌথবাহিনী আটক করেছে।
জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি আব্দুল মান্নান মাতুব্বর আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপির রাজনীতিতে যোগ দেন। তবে, বিএনপিতে যোগদানের মাত্র কয়েকদিনের মধ্যেই তার বিরুদ্ধে এলাকায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, গত শনিবার একই ইউনিয়নের পরমেশ্বরদী চরপাড়া গ্রামে চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের ইন্ধনে তার অনুসারীরা, যারা সম্প্রতি বিএনপি যোগ দিয়েছেন, তারা মকসেদ শেখ ও তার চার ছেলের বসতবাড়িতে হামলা চালায়। একই গ্রামের সোহেল, রাসেল, খোরশেদ, সুজন শেখ, হাসান ও ফয়সালের বাড়িতেও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ময়েনদিয়া বাজার আব্দুল মান্নান মাতুব্বরের নিয়ন্ত্রণে ছিল। তার নির্দেশ ছাড়া বাজারে কোনো দোকান খোলা হতো না এবং মাসিক চাঁদা আদায়ও চলতো তার হুকুমে। এমনকি ইউনিয়ন ভূমি অফিসেও কোনো কাগজপত্র তার মাধ্যমে যেত, যার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। তাদের দাবি, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি এলাকা ছাড়েন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে তিনি বিএনপিতে যোগদান করেন। এরপরই নিরীহ মানুষের ওপর হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, ময়েনদিয়া-পরমেশ্বরদী গ্রামের হামলা এবং তার বিরুদ্ধে থাকা পুরনো একটি মামলায় আব্দুল মান্নান মাতুব্বরকে আটক করা হয়েছে। আটককৃত ইউপি চেয়ারম্যানকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ পুলিশের ফরিদপুর জেলার সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) আজম খান নিশ্চিত করেছেন যে, ময়েনদিয়া বাজার এলাকায় মান্নান মাতুব্বর গ্রুপ ও জিহাদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এই বিশৃঙ্খলার সঙ্গে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 






















