গোপালগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সন্ধ্যায় সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইখলাস খাঁ (৩০)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার মমরেজ খাঁর ছেলে। এই ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহীসহ আরও দুইজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গান্ধীয়াশুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ইখলাস খাঁ। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। একইসঙ্গে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক আব্দুল্লাহ কাজী (১৮) ও আরোহী ইসানুর কাজীও (১৬) আহত হন। আহত আব্দুল্লাহ ও ইসানুর কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইখলাস খাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
বর্তমানে আহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরোহী ইসানুর কাজী গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 



















