ভোটের দিন কেন্দ্রের বুথে গিয়ে ব্যালট পেপার ছিঁড়ে ফেলার ঘটনায় গ্রেফতার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী গোলাম রসুল রাসেল পাঁচ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
কারা ফটকে তাকে নিয়ে আসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান সেফু, উপজেলা বিএনপির সহসভাপতি বয়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুর রাহমান মজিদ, সাংগঠনিক সম্পাদক সাহিদ তালুকদার, ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান, ইউনিয়ন যুবদলের সভাপতি নুর আলীসহ নেতাকর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ। তিনি বলেন, ‘ভোটের দিন ভোটকক্ষে গিয়ে আলোর স্বল্পতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাসেল। একপর্যায়ে তার বিরুদ্ধে ব্যালট ছিঁড়ে ফেলার অভিযোগ তোলেন দায়িত্বরত নির্বাচন কর্মকর্তারা। পরে তাকে পাঁচ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সাজা শেষে আজ কারাগার থেকে মুক্তি পান।’
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু বলেন, ‘গোলাম রসুল রাসেল সাবেক ছাত্রদল নেতা। তিনি যুক্তরাজ্য বিএনপি ও কমিউনিটির নেতা। ভোটের দিন তাকে হেনস্তার তীব্র নিন্দ্বা জানাই। একটি মিথ্যা অভিযোগে তাকে সাজা দেওয়া হয়। যা দুঃখজনক।’
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১২ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন গোলাম রসুল। একপর্যায়ে ভোট দেবেন না বলে একটি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার নষ্ট করার দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় কার্যকর করতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
রিপোর্টারের নাম 



















