মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি (এমএজি) ওসমানীকে মরণোত্তর ‘ফিল্ড মার্শাল’ পদমর্যাদা প্রদানের জোরালো দাবি উঠেছে। সোমবার জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই দাবি জানান দেশের বিশিষ্ট নাগরিক ও সাবেক সামরিক কর্মকর্তারা। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (রাওয়া)।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে জেনারেল ওসমানী যে জাতীয় সম্মান পাওয়ার যোগ্য ছিলেন, তা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তারা উল্লেখ করেন, জেনারেল ওসমানীর সুদৃঢ় নেতৃত্ব ও ব্যক্তিত্বের কারণেই মুক্তিযুদ্ধের সময় সামরিক ও বেসামরিক পর্যায়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোন্দল সৃষ্টি হতে পারেনি। তার নিখুঁত জীবনাচরণ ও সাহসিকতা তৎকালীন সকল কর্মকর্তা ও সাধারণ মানুষের কাছে ছিল অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, “জেনারেল ওসমানী ফিল্ড মার্শাল র্যাংক পাওয়ার যোগ্য দাবিদার। তাকে এই সম্মাননা দিলে জাতি হিসেবে আমরাই গৌরবান্বিত হবো।” তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান তাদের সেনাপ্রধানদের এই মর্যাদায় ভূষিত করেছে, অথচ একটি স্বাধীন দেশ গঠনে ওসমানীর অবদান তাদের চেয়ে অনেক বেশি।
মেজর (অব.) হাফিজ জানান, জেনারেল ওসমানীর যথাযথ স্বীকৃতির জন্য সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন করা প্রয়োজন। রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে দলীয়করণের মাধ্যমে বিতর্কিত করা হয়েছে। দেশের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, নেতারা নিজেদের গুণগান শুনতে পছন্দ করলেও অন্যদের কৃতিত্ব দিতে কার্পণ্য করেন।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, দেশের ইতিহাসে এটি একটি অন্যতম সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত সচেতন ও দেশপ্রেমিক। একটি সফল নির্বাচন উপহার দেওয়ার জন্য তিনি সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান এবং সশস্ত্র বাহিনীকে সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তিই দেশকে যেকোনো সংকট থেকে সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। রাওয়ার চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এজি মাহমুদসহ সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা জেনারেল ওসমানীর আদর্শকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 



















