নতুন সরকারের প্রধান আশ্রয় হতে পারে ‘যমুনা’ : গণভবন এখন স্মৃতি জাদুঘর
ঢাকা: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আগামীকাল মঙ্গলবার শপথ নিতে চলেছে বিএনপি সরকার। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা নিয়ম অনুযায়ী সরকারি বাসভবন বরাদ্দ পাবেন। তবে, ২০২৪ সালের ৫ আগস্ট গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে ঘোষণা করার পর এবার নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ‘যমুনা’ ব্যবহৃত হওয়ার সম্ভাবনা প্রবল। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সদস্যদের জন্য ৪০টি বাসভবন এবং ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ভবনে অবস্থান করছেন। নিয়ম অনুযায়ী, নতুন সরকার শপথ গ্রহণের পর সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাকে সরকারি বাসভবন ছেড়ে দিতে হয়, যার পরেই এটি নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হবে।
রাজধানীর বেইলী রোড, মিন্টো রোড, ধানমন্ডি এবং গুলশান এলাকায় নতুন মন্ত্রীদের জন্য মোট ৪০টি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। এসব বাসভবন নবনির্বাচিত মন্ত্রীদের আবাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার ও সাজসজ্জার কাজ সম্পন্ন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এছাড়াও, মন্ত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেই এই আবাসন ও পরিবহন সুবিধা কার্যকর হবে।
রিপোর্টারের নাম 



















