জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা সরকারি প্লট এবং ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবেন না। দলের পূর্বঘোষিত নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও দলটির নেতা মোহাম্মদ শিশির মনির। সোমবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
শিশির মনির তার পোস্টে লেখেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।”
এই ঘোষণা দলের আমির ডা. শফিকুর রহমানের একটি পুরনো প্রতিশ্রুতির প্রতিফলন। নির্বাচনের আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে তিনি ঘোষণা দিয়েছিলেন, “আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।”
সে সময় ডা. শফিকুর রহমান আরও বলেছিলেন, যদি কোনো কারণে জামায়াত বিরোধী দলে বসে, তবে প্রতিটি মানবিক ও ভালো কাজে তারা সরকারি দলকে সহযোগিতা করবেন। তবে সরকারে আসার পর যদি পুরোনো কায়দায় ‘ওলট-পালট’ কিছু করা হয়, তবে তারা জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম করতে পিছপা হবেন না।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের ফল ঘোষণা করেছে। এর মধ্যে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন।
রিপোর্টারের নাম 

























