গাজীপুরে একটি নির্মাণাধীন ফুট ওভারব্রিজের লিফট থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে শহরের হাজিরপুকুর এলাকার ওই ওভারব্রিজের লিফটের ফাঁকা স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অজ্ঞাত ওই মরদেহের পরনে কালো প্যান্ট এবং গায়ে সোয়েটার ছিল। তাৎক্ষণিকভাবে উপস্থিত এলাকাবাসী ও লোকজনের কেউ তার পরিচয় জানাতে পারেনি।
স্থানীয়রা জানান, গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানাধীন হাজিরপুকুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নির্মাণাধীন একটি ফুট ওভারব্রিজ রয়েছে। ওই ব্রিজের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ওই ফাঁকা স্থান থেকে প্রচুর মাছি উড়তে দেখেন স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা। এলাকাবাসীর সন্দেহ হলে তারা ফাঁকা স্থানের কাছে গিয়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্থানীয়রা মাছি ইড়তে দেখে এবং দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে মরদেহ শনাক্ত করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
রিপোর্টারের নাম 
























