ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। এনসিপি’র দাবি, বিপুল বিজয় পাওয়া বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তাদের কর্মীরা আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনায় চিকিৎসাধীন নোয়াখালীর হাতিয়ায় বিএনপির হামলায় গুরুতর আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এই তথ্য জানান এনসিপি’র মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। এ সময় তিনি বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলেও দাবি করেন। তিনি বলেন, ভিন্নমতের জনগণের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে, যা বিএনপি উপভোগ করছে। এই পরিস্থিতি চলতে থাকলে এর পরিণতি কী হবে, তা আমরা আগেও দেখেছি। বিএনপির প্রতি তার আহ্বান, সন্ত্রাসীদের থামান এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।
আওয়ামী লীগের সময় ভোটচুরির নির্বাচনের পর যে তাণ্ডব দেখা যেত, এখনো একই ধরনের তাণ্ডব দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সারাদেশে ভিডিও বার্তার মাধ্যমে তিনি সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং এনসিপি’র নেতাকর্মীরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে গেছেন।
নতুন সরকারের শপথ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত একটি বড় বাধা। তাই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো উচিত নয়।
রিপোর্টারের নাম 























