ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার কমিশনকেই বহন করতে হবে। প্রয়োজনে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার জন্য তিনি নিজ দলীয় কর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ঢাকা-১৩ আসনের নির্বাচনি ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন মামুনুল হক।
লাইভ বক্তব্যে মামুনুল হক বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ছিল দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনে ১১ দলীয় জোটের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের বিষয়টি ইতিবাচক হলেও নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিশেষ করে ঢাকা-১৩ আসন নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এই আসনটি নিয়ে দেশ ও ইসলামপ্রিয় জনগণের ব্যাপক আগ্রহ ছিল। দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চললেও গভীর রাতে তাকে পরাজিত ঘোষণা করা হয়। তিনি আরও জানান, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে প্রাথমিকভাবে তারা পরাজয় মেনে নেওয়ার মানসিকতা দেখালেও পরবর্তীতে নির্বাচনের ভয়াবহ কারচুপির চিত্র সামনে আসতে শুরু করেছে।
মামুনুল হক অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের ভোটাধিকার রক্ষায় এসব অনিয়ম আর উপেক্ষা করা সম্ভব নয়। দীর্ঘ প্রতীক্ষার পর সাধারণ মানুষ যে আবেগ ও প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল, অনেক জায়গায় সেই জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। জনগণের এই আবেগের সঙ্গে তামাশা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন কমিশন যদি এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবেন। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে রাজপথে নামার জন্য তিনি তার ভক্ত ও অনুসারীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























