জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, পঞ্চগড়-১ আসনে তাদের নেতা-কর্মীদের ওপর ৩০টিরও বেশি স্থানে হামলা চালানো হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই হামলার জন্য প্রধানত বিএনপিকে দায়ী করেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম বিস্তারিত তুলে ধরে লেখেন, “এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০টিরও বেশি জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে প্রাণভয়ে পালিয়ে আছে।” তিনি আরও উল্লেখ করেন, এই ঘটনাগুলো অতীতের প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি।
এনসিপি নেতা প্রশ্ন তোলেন, বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা, তা তাদের স্পষ্ট করতে হবে। তিনি বলেন, “আমরা রাজনীতি করতে এসেছি। পুরনো নোংরা রাজনৈতিক সংস্কৃতিগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি।” সারজিস আলমের অভিযোগ, এসব হামলা নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
রিপোর্টারের নাম 

























