সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনে একইসাথে শান্তিপূর্ণভাবে এই ভোটগ্রহণ চলছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সকাল ৮টায় সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান শিবগঞ্জ হাতিমবাগস্থ স্কলারস হোম স্কুল ও কলেজ কেন্দ্রে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদানের পর তিনি প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, “শুরুতে ভোটের পরিবেশ অত্যন্ত ভালো মনে হচ্ছে।” তিনি তাঁর বিজয় সম্পর্কেও আশাবাদ ব্যক্ত করেন।
নগরীর ৭ নং ওয়ার্ডে অবস্থিত আব্দুল গফুর হাইস্কুল ও কলেজ কেন্দ্রেও সকাল থেকেই ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। জালালাবাদ আবাসিক এলাকার তাসনিম আক্তার শেফালী এই কেন্দ্রে প্রথম দিকের ভোটারদের একজন ছিলেন। ভোট দিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “অনেক বছর পর এমন সুন্দর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত। পরিবেশও খুবই ভালো।” এই কেন্দ্রে তখন নারী ভোটারদের লাইনে ৮-১০ জন উপস্থিত ছিলেন, যেখানে পুরুষ ভোটারদের লাইনে প্রায় ২৫-৩০ জন ভোটার অপেক্ষমাণ ছিলেন।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাহিদ হাসান সার্বিক পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে জানান, “সবকিছু ভালোভাবেই চলছে।” তিনি আরও জানান, এই কেন্দ্রে মোট পুরুষ ভোটারের সংখ্যা ২৬৯৬ জন এবং নারী ভোটারের সংখ্যা ২৭৮৮ জন। সকাল থেকেই ভোটারদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিচ্ছে।
রিপোর্টারের নাম 




















