ঢাকা-১১ আসনের আনন্দনগর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অস্বাভাবিক ভিড়কে “কৃত্রিমভাবে সৃষ্ট” বলে অভিযোগ করেছেন এক প্রিজাইডিং অফিসার। বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে গড় ভোট পড়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ।
প্রিসাইডিং অফিসার এম এ মহিবুর রহমান বলেন, “এতো ভোটার হওয়ার কথা না, কৃত্রিমভাবে ভিড় তৈরি করা হচ্ছে। প্রকৃত ভোটাররা যাতে ভোট দিতে না পারে, তাই এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।”
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যেই ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে এবং সেনাবাহিনী পাঠানোর আশ্বাস পেয়েছেন।
তবে ৯০ নম্বর কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মো. মনোয়ার হোসেন ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, “ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং কোনও বিশৃঙ্খলা নেই। প্রবেশপথ সরু হওয়ায় সাময়িক জট তৈরি হয়েছে, যা ভিড়ের মূল কারণ।”
ভোট দিতে আসা ভোটারদের অনেকে ভিড় ও ব্যবস্থাপনা নিয়ে আক্ষেপও করেছেন। ২১ বছর বয়সী শাফিন বলেন, “সকাল ৮টা থেকে ভোট দিতে গেলেও শুরু থেকেই ভিড় এমনই ছিল। ফলাফল নির্ভর করবে এলাকার বাসিন্দাদের পছন্দের ওপর।”
সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়টিতে ভোটারদের উপচে পড়া ভিড় এবং কেন্দ্র থেকে বহুদূর পর্যন্ত বিস্তৃত কয়েকটি লাইন।
উল্লেখ্য, আনন্দনগর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার ১৯,২৯০ জন, যার মধ্যে পুরুষ ৯,৭৯১ এবং নারী ৯,৪৯৯।
রিপোর্টারের নাম 























