ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন গত ৬ই ফেব্রুয়ারি ওএইচসিএইচআর-এর কাছে একটি ‘নোট ভারবাল’ বা আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠিয়েছে। এই চিঠির মাধ্যমে হাদি হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় সংঘাতের সময় গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন ১৮ই ডিসেম্বর তার মৃত্যু হয়।
জেনেভায় বাংলাদেশ মিশন জানিয়েছে, ওএইচসিএইচআর থেকে এই অনুরোধের প্রেক্ষিতে কোনো সাড়া বা প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কঠোর অবস্থান ব্যক্ত করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। পুরো তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বজায় রাখা হবে বলেও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
রিপোর্টারের নাম 























