ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক বলেছেন, ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত তার সমর্থকরা। শনিবার বিকেলে সোনাগাজীর ছাবের মডেল পাইলট হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
ডা. ফখরুদ্দীন মানিক জোর দিয়ে বলেন, তারা জীবন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন এবং প্রয়োজন হলে আবারও জীবন দিয়ে এই অধিকার রক্ষা করবেন। কাউকে ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, পেশিশক্তির মাধ্যমে কেউ যদি ভোটকেন্দ্রে হস্তক্ষেপ করতে চায়, তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে। তার মতে, ১৪ শত শহীদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকারের যথাযথ প্রয়োগের মাধ্যমে তা সমুন্নত রাখা অপরিহার্য।
তিনি আরও বলেন, আর যেন কোনো ভাইকে জীবন দিতে না হয়, কোনো স্বৈরাচার যেন মাথা তুলে দাঁড়াতে না পারে—সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের আহ্বান জানিয়ে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস এসএম ফরহাদ, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।
সোনাগাজী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কালিমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য দেন সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, সেক্রেটারি এস এম বদরুদ্দোজা, জেলা জামায়াত নেতা আবু বক্কর সিদ্দিক মানিক, ফেনী জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা শামসুদ্দিন, ছাত্রশিবির সভাপতি নোবেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 

























