ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে গণ-অধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন মিঠুকে সমর্থন জানিয়েছেন। শুক্রবার রাতে বড়লেখা পৌরসভা এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এই সংবাদ সম্মেলনে গণ-অধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আব্দুন নুর তালুকদার বলেন, “একটি ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষা করার জন্য বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এই বিবেচনায়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন মিঠুকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।” তিনি আরও যোগ করেন, “এখন থেকে আমি এবং আমাদের দলীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেব এবং সর্বশক্তি দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য কাজ করব।”
বিএনপি প্রার্থী নাসির উদ্দিন মিঠু গণ-অধিকার পরিষদের এই সমর্থনকে মৌলভীবাজারের রাজনীতিতে একটি নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এই ঐক্য বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আমি নির্বাচিত হলে এলাকার সকল মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করব এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
উল্লেখ্য, মৌলভীবাজার-১ আসনে অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমেদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ এবং গণফ্রন্টের মো. শরীফুল ইসলাম।
রিপোর্টারের নাম 

























