মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থী। শনিবার দুপুরে শহরের পূর্ব দাশড়া এলাকায় এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামালের বাসভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (প্রতীক: সূর্যমুখী ফুল), জাতীয় পার্টির আবুল বাশার বাদশা (প্রতীক: লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দলের সাজাহান হোসেন সাজু (প্রতীক: প্রাইভেট কার), স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান (প্রতীক: মোটরসাইকেল) এবং জাতীয় পার্টি (জেপি)-এর মোয়াজ্জেম হোসেন খান মজলিস (প্রতীক: বাইসাইকেল)।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল অভিযোগ করেন, বিএনপির প্রার্থী নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করছেন। তিনি বলেন, “আমরা জানি, বিধি অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একটি মাত্র নির্বাচনী কার্যালয় থাকার কথা। কিন্তু বিএনপির প্রার্থীর ক্ষেত্রে প্রায় প্রতিটি ইউনিয়নেই চার থেকে পাঁচটি কার্যালয় দেখা যাচ্ছে।”
স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো প্রশাসনের নজরে আসার পরও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অভিযোগ জমা দিলেও ব্যবস্থা না নেওয়ার বিষয়টি প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করে।”
জাতীয় পার্টি (জেপি)-এর প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিস গণতন্ত্রের প্রতি তাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, “আগামী দিনগুলোতে প্রশাসন তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।”
রিপোর্টারের নাম 

























