পিরোজপুরের ইন্দুরকানীতে এক নির্বাচনী জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে এবং ঐতিহাসিক জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ‘জিয়ানগর’ নামটি ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় তিনি বলেন, “আপনারা যদি আমাকে জাতীয় সংসদে পাঠান, তবে ইন্দুরকানী উপজেলাকে তার ঐতিহাসিক ‘জিয়ানগর’ নামে পুনঃনামকরণ করা হবে। এই জনপদকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ঘোষণা করা হবে। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ কোনো লুটেরা পকেটে নিতে পারবে না।”
অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন আনা হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, বিএনপি সরকার ক্ষমতায় আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ হিসেবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে, কৃষকদের সুদমুক্ত ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।
উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান সিরিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুলজ্জামান লাভলু, সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।
জনসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার সভা পরিচালনা করেন। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন ও মোস্তান হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্যসচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগীর, চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ করিম ইমনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























