একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার বিকেলে সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের বাসরী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন।
ইশতেহারে অ্যাডভোকেট আব্দুল আওয়াল এলাকার সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন। তিনি প্রতিটি ইউনিয়নে অভিযোগ বাক্স স্থাপন এবং সংসদ সদস্যের পক্ষ থেকে ২৪ ঘণ্টার জরুরি হটলাইন চালু করার অঙ্গীকার করেন। এছাড়াও, প্রবাসী পরিবারগুলোর সহায়তার জন্য একটি বিশেষ ডেস্ক স্থাপন এবং আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন তিনি।
প্রার্থীর দেওয়া তথ্য অনুযায়ী, ডিজিটাল দারিদ্র্যসূচক নির্ধারণের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভাতা প্রদান এবং নামমাত্র মূল্যে জরুরি অ্যাম্বুলেন্স ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। শিক্ষাক্ষেত্রে, দলীয় প্রভাবমুক্ত পরিবেশ বজায় রেখে যোগ্য ব্যক্তিদের পরিচালনা পর্ষদে নিয়োগ এবং শিক্ষাব্যবস্থা সহজীকরণের উপর জোর দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে শিক্ষাভাতা চালুরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে, যমুনা সার কারখানা সচল ও দুর্নীতিমুক্তকরণ, বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলো পুনরায় চালু করা, নদী শাসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বন্ধ থাকা ট্রেন চালু করে রেলসেবা নিশ্চিতকরণ, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, হাটবাজার ও ইটভাটার যুগোপযোগী ব্যবস্থাপনা এবং সড়ক সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও অঙ্গীকার করা হয়েছে।
প্রার্থী তার ইশতেহারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ৩১ দফা রূপরেখাও বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
ইশতেহার ঘোষণার এই অনুষ্ঠানে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরী, জেলা জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের আমির প্রকৌশলী মাসুদ রানা দুলাল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, খেলাফত মজলিসের আহ্বায়ক খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও জানানো হয় যে, বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৮ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রিপোর্টারের নাম 

























