বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দিনাজপুরের বিরামপুরে এক বিশাল নির্বাচনি জনসভায় অংশ নিয়ে আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়েছেন। শনিবার দুপুর ৩টার দিকে বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় তিনি বলেন, বহু বছর পর নানিবাড়িতে এসে তিনি এখানকার মানুষের কাছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশ পুনর্গঠনের জন্য ‘ধানের শীষে’ ভোট প্রার্থনা করছেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “আমি আজ খুব ভালো আছি। বহু বছর পর নানির বাড়ি এসেছি। নাতি যে এসেছে, নাতিকে কিছু একটা দিতে হবে—তাই না? কী দেবে নানিবাড়ির লোক? ভোট দেবেন। কিসে ভোট দেবেন? ধানের শীষে।” তিনি আসন্ন ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান এবং এটিকে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রয়োগের একটি সুযোগ হিসেবে বর্ণনা করেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, এই মঞ্চের পাশে ১৩টি পরিবারের সদস্যরা উপস্থিত আছেন, যাদের স্বজনরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন। গত ১৬ বছরে বহু নেতাকর্মী শুধুমাত্র মানুষের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তারেক রহমান বলেন, “আজ আমাদের সামনে সেই সুযোগ এসেছে।”
তিনি এই এলাকার মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে ১২ তারিখে তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। তবে শুধু ভোট প্রদানই নয়, দেশ পুনর্গঠনকেও একটি বড় লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি। তারেক রহমান অভিযোগ করেন, বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং এই অবস্থার পরিবর্তন আনার অঙ্গীকার করেন।
অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘ধানের শীষ’ যখনই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই স্কুল-কলেজ, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ সার্বিক উন্নয়নে কাজ করেছে। নারীদের শিক্ষার ব্যবস্থা এবং বেকারদের কর্মসংস্থানের জন্যও ‘ধানের শীষ’ নিরলস চেষ্টা করেছে বলে তিনি দাবি করেন।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল আলী চৌধুরী লিমন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল হোসেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. মামুন হোসেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ দিনাজপুর জেলার বিভিন্ন আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ জনসভায় যোগ দেন।
রিপোর্টারের নাম 

























