নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন পরিবর্তনের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের (প্রথম বর্ষ) ছাত্র ছিলেন। তার স্থায়ী নিবাস লালমনিরহাট জেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সহযাত্রীদের সূত্রে জানা যায়, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে পৌঁছানোর পর ইঞ্জিন পরিবর্তনের জন্য সাময়িকভাবে থামানো হয়। এ সময় মাহদী হাসান মুরাদ ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের নির্ধারিত পথ ব্যবহার না করে রেললাইনের ওপর দিয়ে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে ইঞ্জিন পরিবর্তনের কাজে নিয়োজিত একটি চলমান ইঞ্জিন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের চাকার নিচে পড়ে যান এবং তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কয়েক মিনিট যন্ত্রণায় ছটফট করার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা দুর্ঘটনার বিষয়টি অবগত হয়েছি। নিহতের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
রেলওয়ে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও এই ঘটনায় জংশন এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
রিপোর্টারের নাম 





















