রংপুর জেলার পীরগাছা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করে বিএনপি ও জাতীয় পার্টির অন্তত ৫০ থেকে ৫৫ জন নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সেচাকান্দি এতিমখানা এলাকায় অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির নির্বাচনি উঠান বৈঠকে এই ঘটনা ঘটে।
এ অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব এবং রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী আখতার হোসেন উপস্থিত ছিলেন। যোগদানকারীদের মধ্যে পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য আবু রায়হান, আব্দুল গফুর, ইমান আলী, ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান এবং জাতীয় পার্টির নেতা বাদশা মিয়া, মিনহাজুল ইসলাম, রোস্তম খান ডিপজল, আব্দুল খালেক, ময়নুল ইসলামসহ আরও অনেকে ছিলেন। এছাড়াও, সোহেল রানা, আশরাফ আলী, আব্দুর রশিদ, হাসান মিয়া, হাবিজার রহমান, আফতাব হোসেন, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তারসহ মোট ৫০-৫৫ জন নেতাকর্মী ও সমর্থক ‘শাপলা কলি’ প্রতীকের ব্যানার হাতে নিয়ে এনসিপিতে যোগ দেন।
যোগদানকারী নেতাকর্মীরা জানান, বিএনপি ও জাতীয় পার্টিতে দেশপ্রেম, গণতন্ত্র ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন না থাকায় তারা নতুন রাজনৈতিক ধারার প্রতি আকৃষ্ট হয়েছেন। তাদের মতে, দেশের রাজনীতিতে প্রকৃত পরিবর্তন আনতে সৎ, সাহসী এবং জনবান্ধব রাজনীতির কোনো বিকল্প নেই, আর এনসিপি সেই বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা আরও বলেন, ‘জুলাই বিপ্লবের’ মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে গড়ে ওঠা এনসিপির লক্ষ্য একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণ। বিদ্যমান রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় জনগণ নতুন নেতৃত্ব ও নতুন রাজনীতির দিকে তাকিয়ে আছে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আখতার হোসেনকে নির্বাচিত করে সংসদে পাঠাতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, এই যোগদান প্রমাণ করে যে দেশের মানুষ পরিবর্তনের দিকে অগ্রসর হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনে আরও অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দেবেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলসহ ঐক্যবদ্ধ বাংলাদেশ-১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























