মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও ঐতিহাসিক জোকালো পাবলিক স্কয়ারের কাছে এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন।
গতকাল সোমবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় জানিয়েছে, এটি একটি ‘সরাসরি হামলা’ ছিল। গুলিতে নিহত ব্যক্তি একজন ৪২ বছর বয়সী পুরুষ। আহত দুজনও পুরুষ এবং তাদের বয়স ৩৯ বছর।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, হামলাটি মেক্সিকো সিটির ঐতিহাসিক সান্তো ডোমিঙ্গো চত্বরে সংঘটিত হয়েছে। এই এলাকাটি ঔপনিবেশিক আমলের বিভিন্ন ভবনে ঘেরা এবং এটি জাল নথিপত্র তৈরি ও বিক্রির একটি পরিচিত কেন্দ্র। পুলিশের তথ্যমতে, সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পরপরই একটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে মাদক পাচারকারী চক্রগুলোর মধ্যে সহিংসতা একটি নিয়মিত ঘটনা হলেও, দেশটির রাজধানীতে এমন সরাসরি হামলার ঘটনা বেশ বিরল। বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের মতো অতিসংবেদনশীল এলাকার কাছে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তবে মেক্সিকো সিটিতে ‘ইউনিয়ন তেপিতো’ ও ‘ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়ন’-এর মতো কয়েকটি সংগঠিত গ্যাং বা অপরাধী চক্র সক্রিয় রয়েছে, যা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
রিপোর্টারের নাম 























