চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৭ জুলাই এই তথ্য জানানো হয়। তিনি চুয়েটের বর্তমান ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বর্তমানে চুয়েট-এর পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চুয়েট শিক্ষক সমিতির সভাপতি এবং প্রকৌশলীদের আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা/সংগঠনের ফেলো সদস্য। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম ১৯৮০ সালের ২৬ অক্টোবর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম হাজী মুহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক উপ-কর কর্মকর্তা এবং মা চেমন আরা বেগম।
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে ২০০৫ সালে একই বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি প্রায় ২২ বছর ধরে চুয়েটে শিক্ষক হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক সায়েম বলেন, ‘বিদেশে থেকে হয়তো নিজের জন্য অনেক কিছু অর্জন করা যেত। কিন্তু আমার অর্জন যদি শিক্ষার্থীদের কাজে না লাগে, যে বিশ্ববিদ্যালয় আমাকে প্রকৌশলীর পরিচয় দিয়েছে, তার জন্য যদি কিছু করতে না পারি, তাহলে এসবের মূল্য কী? তাই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছি, বিশ্বমঞ্চে চুয়েটের নাম ছড়িয়ে দিতে চেয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। ভিসি হিসেবে নতুন দায়িত্ব নিয়ে চুয়েটকে আরো অনেক দূর এগিয়ে নিতে চাই। এজন্য আমি চুয়েট পরিবারের সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশী।’
রিপোর্টারের নাম 

























