আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গড়ার লক্ষ্যে ঢাকা-১৮ আসনের উত্তরখান ও দক্ষিণখান থানায় ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন এই আসনে জামায়াত-এনসিপিসহ ১০ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের’ প্রার্থী আরিফুল ইসলাম।
উদ্বোধনের পর দুপুর দেড়টা থেকে ক্যারাভ্যানটি উত্তরার বিভিন্ন এলাকায় প্রচার চালায়। সরেজমিনে দেখা যায়, ভ্রাম্যমাণ এই বাহনের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। প্রচারণাকালে ক্যারাভ্যানে শাপলা কলি প্রতীক প্রদর্শিত হয় এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিভিন্ন গান পরিবেশন করা হয়। এই ব্যতিক্রমী প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। পথে পথে বহু মানুষ থেমে ক্যারাভ্যানের কার্যক্রম মনোযোগ দিয়ে দেখেন এবং ইতিবাচক সাড়া দেন।
প্রচার কার্যক্রম উদ্বোধনের সময় আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, ভারতীয় আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই আমরা ১০ দল ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট গঠন করেছি। একই সঙ্গে জোট জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত তৈরিতে কাজ করছে।
তিনি আরও বলেন, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আসন্ন নির্বাচনে ১০ দলীয় জোটকে বিজয়ী করতে হবে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করতে হবে। আরিফুল ইসলাম জোর দিয়ে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে কেউ চাইলেই আর স্বৈরাচারী হতে পারবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যা হবে সম্পূর্ণ জনতার বাংলাদেশ। এই লক্ষ্য অর্জনে আমরা নিরলসভাবে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
রিপোর্টারের নাম 
























