বাকেরগঞ্জ উপজেলাকে একটি আদর্শ, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, সমাজে জেঁকে বসা দুর্নীতি ও চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। জনগণের সমর্থন ও রায়ে নির্বাচিত হতে পারলে বাকেরগঞ্জকে একটি আধুনিক, শোষণমুক্ত ও চাঁদাবাজমুক্ত উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল গণমিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করিম বলেন, যুবসমাজই দেশের প্রধান শক্তি। আমাদের লক্ষ্য কেবল তাদের চাকরির পেছনে ঘোরানো নয়, বরং আধুনিক কারিগরি ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। তাদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্ব দূর করা হবে।
প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবার বিষয়ে আলোকপাত করে তিনি আরও বলেন, বাকেরগঞ্জের সাধারণ মানুষকে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি কোনো সুবিধা পেতে আর ভোগান্তির শিকার হতে হবে না। সরকারি উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থের শতভাগ কাজ মাঠে বাস্তবায়িত হবে এবং কোনো ধরনের ‘পার্সেন্টেজ’ বা কমিশন প্রথা বরদাশত করা হবে না।
এর আগে, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের টিঅ্যান্ডটি সড়ক থেকে শুরু হয়। মিছিলটি ডাক বাংলো মোড়, বাকেরগঞ্জ বন্দর ও সদর রোডসহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।
গণমিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম আল আমিন চৌধুরী, সংগঠনের বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া এবং সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 
























